Janmashtami, Mayapur, ISKCON, মায়াপুর ইসকনে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী মহোৎসব উদযাপিত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৪সেপ্টেম্বর: নদীয়া জেলার ইসকন আন্তর্জাতিক সদর দপ্তর শ্রীধাম মায়াপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শাস্ত্রীয় রীতিনীতি মেনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপিত হচ্ছে। মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এটি শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি। এই পবিত্র উৎসব উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশ- বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। ভক্তদের বিপুল সমাগমের কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উৎসবের কর্মসূচি সম্পর্কে রসিক গৌরাঙ্গ দাস জানান, ভোর সাড়ে চারটায় মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয় এবং এই ধর্মীয় আয়োজন চলবে মধ্যরাত একটা পর্যন্ত। দিনভর নানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বিভিন্ন ভাষায় শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত আলোচনা, নাম সংকীর্তন, মহাযজ্ঞ এবং অবিরাম হরিনাম সংকীর্তন। রাত দশটায় শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক পর্ব। মধ্যরাতে অনুষ্ঠিত হবে বিশেষ আরতি ও পুষ্পাঞ্জলি প্রদান। এরপর রাত বারোটার পর ভক্তদের মাঝে বিতরণ করা হবে অনুকূপ মহাপ্রসাদ।

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, কংসের কারাগারে শ্রীকৃষ্ণ শঙ্খ- চক্র- গদা- পদ্মধারী রূপে আবির্ভূত হয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছিলেন। বর্তমান বিশ্বে দুর্বলের ওপর সবলের অত্যাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজকের এই শুভ সন্ধিক্ষণে তাঁদের ঐকান্তিক প্রার্থনা— বিশ্বে শান্তি, মৈত্রী ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক এবং ভগবান শ্রীকৃষ্ণ কঠোর হস্তে দুষ্টের দমন করুন। উৎসবকে ঘিরে সমগ্র মায়াপুর প্রাঙ্গণে এখন গভীর ভক্তি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *