পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ এপ্রিল: ভোটের মুখে বালুরঘাটে আরএসপি ছাড়ার হিড়িক। প্রাক্তন কাউন্সিলর, বর্তমান পঞ্চায়েত মেম্বার সহ আরএসপি ছাড়লেন প্রায় ৪০০ জন কর্মী। সোমবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে আরএসপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিনয় বর্মন, বিধানসভার প্রার্থী অশোক লাহিড়ি, বাপি সরকার সহ জেলার প্রায় সমস্ত নেতৃত্বরাই। বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরিজিৎ মহন্ত ওরফে বল্টু, হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা মালী এবং তার বাবা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য অতুল মালি সহ প্রায় ৪০০ জন কর্মী সমর্থক এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। নির্বাচনের মাত্র সাতদিন আগে এমন ঘর ভাঙনের জেরে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বামফ্রন্টের এই মেজো শরিক আরএসপি। যদিও এই বিষয় নিয়ে এখনই সেভাবে কোনও মন্তব্য করতে চাননি আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী।
দলত্যাগী অরিজিৎ মহন্ত এবং যমুনা মালিরা জানিয়েছেন, দেশের উন্নয়নে সামিল হতেই তারা আরএসপি ছেড়েছেন। বিজেপির হয়ে কাজ করবেন এবং নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন।
সুকান্ত মজুমদার বলেন, দলে দলে নেতা কর্মী সহ সাধারণ সদস্যরা বিজেপিতে যোগদান করছেন। সকলেই মোদীজির উন্নয়নে সামিল হতে চান। এদিন আরএসপির প্রাক্তন কাউন্সিলর, বর্তমান ও প্রাক্তন মেম্বার সহ প্রায় চারশো জন এদিন দল ছেড়েছেন।

