ক্যান্সার আক্রান্ত ছাত্রের সাহায্যে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ এপ্রিল:
নিজের বাবা ছিলেন একজন জাতীয় স্তরে সম্মান প্রাপ্ত শিক্ষক। সেই মতো ছেলেকে শিক্ষা দিয়ে গেছেন সব সময় সামাজিক কাজে এগিয়ে যাওয়ার জন্য। বাবার সেই আদর্শ এবং নির্দেশকে মান্য করে কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে সব সময় সামাজিক কাজ এবং অসহায় মানুষের পাশে থাকতে এগিয়ে এসেছেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের ওই শিক্ষক একটি ছাত্রের অসুস্থতার সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ঝাড়গ্ৰাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের সিজুয়া গ্রামের এক ক্যান্সার আক্রান্ত ছাত্রের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সাহায্য করলেন।

লালগড় থানার সিজুয়া গ্রামের ক্যান্সার আক্রান্ত ছাত্র সুশান্ত বেজ কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর বর্তমানে ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন। পেশায় দিনমজুর সুশান্তর বাবা রঞ্জিত বেজ ছেলের চিকিৎসার জন্য একপ্রকার নাজেহাল হয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বহৃদয় ব্যক্তির কাছে সাহায্যের আবেদন করেন। সেই খবর জানতে পেরে হেরম্বনাথবাবু ক্যান্সার আক্রান্ত ওই ছাত্রের পরিবারের ব্যাঙ্ক একাউন্টে আর্থিক সাহায্য করেন।

করোনা মহামারির থেকে শুরু করে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে নজির সৃষ্টি করেছেন আদতে বাঁকুড়ার বাসিন্দা গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। শিক্ষক জানান, বাবার আদর্শ এবং নির্দেশকে পথ চলার সঙ্গী করে মানুষের সাহায্যে এগিয়ে আসা। ভবিষ্যতেও ওই পরিবারকে যতটা সম্ভব সাহায্য করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *