আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ সেপ্টেম্বর: কামারহাটি পৌর সভা এলাকায় ডায়েরিয়া প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। মঙ্গলবারে পর বুধবার কামারহাটি পৌর এলাকায় ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। আক্রান্ত প্রায় ১০০ জন পৌর এলাকাবাসী। কামারহাটি পৌর সভার ১, ২, ৩, ৪ এবং ৫ নং
ওয়ার্ডগুলির মানুষ ডায়েরিয়াতে আক্রান্ত হয়েছে।
পুরসভার জল থেকে এই সংক্রামন ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই পৌর সভার তরফ থেকে মাইকিং করে কামারহাটি পৌরসভার পাঁচটি পুরসভার সরবরাহ করা জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। জলের নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। ডায়েরিয়া আক্রান্তদের মধ্যে আশঙ্কা জনক ব্যক্তিদের কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্র অনুযায়ী ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে খুব দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার কথা জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
ডায়েরিয়ার কারণে দু’জনের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়ে কামারহাটি পৌর কর্তৃপক্ষ বলেন, “কামারহাটির বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ডায়েরিয়ার প্রকোপ দেখা গেছে। আমরা এই খবর পেয়ে আমাদের স্বাস্থ্য কর্মীদের দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য নামিয়ে দিয়েছি। তারা সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ওষুধ বিলি করেছেন, তাদের সাথেই বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে চিকিৎসকও। যেহেতু এই রোগটি জল বাহিত তাই জলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। সেই কারণে আমরা কিছুদিন টাইম কলের জল খেতে নিষেধ করছি আর সেটা মাইকিং করেও পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রচার করছি। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে।”
তবে কামারহাটি পৌর এলাকার বাসিন্দারা এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ। তাদের বক্তব্য, “আমাদের এখানে নিয়মিত সাফাই হয় না। অল্প বৃষ্টিতে জল জমে যায়। তখন খাওয়ার জলের নল থেকে জল নেওয়া যায় না। জল জমে থাকে দিনের পর দিন। তাই এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে এখানে।”
ডাইরিয়াতে আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ এলাকাবাসী থেকে শুরু করে পৌর প্রশাসন সকলেই। এই পরিস্থিতি খতিয়ে দেখতে ও কি ভাবে এই অবস্থার থেকে বেরিয়ে আসা যায় তার জন্য বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আট জনের একটি প্রতিনিধি দল কামারহাটি পৌর সভায় পৌঁছায়। জেলা উপস্বাস্থ্য আধিকারিক সুপর্ণা চ্যাটার্জি নেতৃত্বে এই প্রতিনিধি দলটি কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুমোর পাড়া এলাকা ঘুরে দেখলেন। সেই সঙ্গে আক্রান্ত রোগীর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন।
এদিন এই প্রতিনিধি দলের সদস্যরা বলেন, “আমরা ডায়েরিয়া আক্রান্ত ওয়ার্ডগুলি পরিদর্শন করছি, কারণ আমরা জানতে চাইছি কোথা থেকে এই রোগটি ছড়াচ্ছে। যাতে রোগটির উৎস খুঁজে বার করা সম্ভব হলে রোগটি আটকানো সম্ভব।”

