হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার ৩ থানায় দায়ের অভিযোগ

আমাদের ভারত, ৭ নভেম্বর: ত্রিপুরা তিনটি থানায় তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তৃণমূল মুখপাত্রকে অবিলম্বে ত্রিপুরায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে পুলিশ, বলে জানা গেছে।

কয়েকদিন আগে আগরতলা শহরে ভোট প্রচারে যান কুণাল ঘোষ। সেখানে একটি সভায় রামায়ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল নেতা বলে অভিযোগ। তিনি বলেছিলেন, “রামরাজ্যে সীতাকে পাতালে প্রবেশ কেন করতে হয়েছিল? কেন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সীতাকে?” ঘুরিয়ে তিনি রামায়ণের রাম রাজত্বের যুগে মহিলাদের নিরাপত্তা ছিল না বলে দাবি করেছেন। আর তারপরই বিতর্ক তুঙ্গে ওঠে। তৃণমূল নেতার এই মন্তব্যের কারণে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপরই ত্রিপুরা তিনটি থানা অমরপুর, ওম্পি ও নতুন বাজারে কুনাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আর সেই সূত্র ধরেই পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। এর আগেও পশ্চিম থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, নোটিশ পেয়ে তিনি হাজিরাও দিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, “ভয় পাচ্ছে বিজেপি তাই এই হামলা মামলা।” তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি রাম রাজত্ব রামায়ণ নিয়ে সারাদিন পেছাতে পারে, আর আমরা রামায়ণ নিয়ে কথা বললেই ভুল? তাহলে আদালত ঠিক করে দিক রামায়ণের কোন অংশ নিয়ে কথা বলা যাবে আর কোনও অংশ নিয়ে কথা বলা যাবে না।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, নোটিশ হাতে পেলে তিনি সশরীরে হাজিরা দেবেন ত্রিপুরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *