আমাদের ভারত, হুগলি, ১৬ সেপ্টেম্বর: এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে মোল্লাবের মোড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি ছোটাহাতি ডানকুনি থেকে শ্রীরামপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ে নিয়ন্ত্রন হাড়িয়ে গাড়িটি একটি চায়ের দোকানে ঢুকে যায়। এই ঘটনায় ওই চায়ের দোকানে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। তবে ঘটনাস্থলেই মারা যান দু’জন। নাম মিন্টু বাগ (৪৪) ও আব্দুল খালেক (৭১)। কিন্তু, পুলিশ তাদের ঠিকানা জানাতে পারেননি। বাকি আহতদের উদ্ধার করে পুলিশ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে তাদের শারিরিক অবস্থার অবনতি হলে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবার পথেই অপর এক ব্যাক্তির মৃত্যু হয়। নাম জুন্মান মল্লিক (৭৫)। এই ঘটনায় ডানকুনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে, এদিন সকালে একটি ছোটাহাতি নিয়ন্ত্রন হাড়িয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেই চায়ের দোকানে থাকা সকলেই কমবেশি আহত হন। এই ঘটনায় তিনজন মারা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক। তবে গাড়ির চালকের খোঁজে অভিযান জারি রেখেছে ডানকুনি থানার পুলিশ।

