জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত ২৯১ জন, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ মে: সময় যত বাড়ছে তত বাড়ছে জলপাইগুড়ি জেলায় ডেঙ্গির আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। সোমবার জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯১ জন। এদের মধ্যে বেশিরভাগ বাগরাকোট এলাকার বাসিন্দা। শুধু মাত্র বাগরাকোটে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২২৫ জন।

এদিকে জেলা প্রশাসনের দাবি, ডেঙ্গি রুখতে স্প্রের পাশাপাশি মশারি বিলি কর হচ্ছে। কয়েকদিন থেকে জেলার ডুয়ার্সে ডেঙ্গি থাবা বসিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা তিন’শো ছুঁই ছুঁই। ডেঙ্গি রুখতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য কর্মীরা আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন। এলাকায় স্প্রে, ওষুধ ও মশা মারার ধোঁয়া দেওয়া হচ্ছে। মেডিকেল টিম নজরদারি শুরু করেছে। রক্ত পরীক্ষার মধ্যে দিয়ে চা বাগানের বাসিন্দাদের ডেঙ্গি ও ম্যালেরিয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পরীক্ষা নীরিক্ষা করে জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বাগরাকোট এলাকার চা বাগানের শ্রমিকরা পানীয় জল পান করার জন্য জলের রিজার্ভার তৈরি করেছেন৷ সেখানেই ডেঙ্গির মশার জন্ম হচ্ছে। এই কারণে সব রিজার্ভার খুলে দেওয়া হয়েছে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “ডেঙ্গি কিছুটা নিয়ন্ত্রণে আছে। এই মুহূর্তে ২৯১জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *