সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ মার্চ: দল বদলের পালা অব্যহত। ইতিমধ্যে তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। ফের উত্তর ২৪ পরগনার বাগদাতে তৃণমূলের ভাঙন। শনিবার সন্ধ্যায় বাগদা মহিলা তৃণমূল
কংগ্রেসের সভানেত্রী সহ দুই হাজার তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দিলেন। বাগদা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধুরি সরকার সোমবার নিজের
পদ থেকে ইস্তফা দেন। শনিবার বিকেলে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বিজেপির যোগদান মেলায় রাজ্য বিজেপির তপশিলি মোর্চার সভাপতি তথা বাগদার বিধায়ক দুলাল বর এবং বাগদা বিজেপির দু’নম্বর মন্ডলের সভাপতি হরষিত চন্দ্রবালার হাত দিয়ে বিজেপিরপতাকা নিয়ে মাধুরী সরকারের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। এই সভাতেই সিপিএম ও কংগ্রেস ছেড়ে কয়েক জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে।

বাগদা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাধুরী সরকার বিজেপিতে যোগ দানের ফলে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাগদাবিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরিতোষ
কুমার সাহা। তিনি জানিয়েছেন, মাধুরী সরকারের দীর্ঘদিন
ধরে পার্টির সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিজেপিতে যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। তার জবাবে প্রাক্তন সভানেত্রী মাধুরী সরকার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, যে দলে কাজ করবার সুযোগ নেই, কাটমানি আর দুর্নীতিতে ভরা লোকজন, সেই দলকে সাধারণ গ্রামবাসী সমর্থন করে না।

