নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর জখমের ঘটনায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট কমিশন, ফের রিপোর্ট তলব

রাজেন রায়, কলকাতা, ১৩ মার্চ: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর জখমের ঘটনায় রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। কিন্তু মুখ্য সচিবের কাছ আসা রিপোর্টে খুশি নয় কমিশনের আধিকারিকরা। অনেকগুলো মিসিং লিঙ্ক স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ নির্বাচন কমিশনের।

নন্দীগ্রাম-কাণ্ডের পর দু’দিন হাসপাতালে ভর্তি থেকে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে বাংলার মুখ্যমন্ত্রীর এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে খোদ নির্বাচন কমিশন। নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, গাড়ির সামনে ভিড়ের চাপে তাঁকে কেউ বা কারা ধাক্কা দেওয়ার ফলেই তার পায়ে লেগেছে। প্রায় একই অভিযোগের সুর শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায়। কমিশন সূত্রে খবর, মুখ্যসচিবের দেওয়া রিপোর্টে তেমন কিছুর উল্লেখ নেই।

রিপোর্ট অনুযায়ী, গাড়ির দরজা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে, একটি খুঁটির কথাও উল্লেখ রয়েছে। তবে কেউ বা কারা মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়েছিলেন কি না, তার কোনও উল্লেখ নেই বলেই জানা গিয়েছে। ফলে কীভাবে আচমকা গাড়ির দরজা বন্ধ হল কিংবা তার জন্যই মুখ্যমন্ত্রীর পায়ে লেগেছে কি না, তা বোঝা যাচ্ছে না। সেই কারণে ফের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *