Job Fair, Khargapur, খড়্গপুরে ১৯তম রোজগার মেলা, ১৪২ জনের হাতে নিয়োগপত্র, ভার্চুয়ালি ভাষণ প্রধানমন্ত্রীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত,পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কেন্দ্র সরকারের উদ্যোগে শুক্রবার দেশজুড়ে ৪৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হল ১৯তম রোজগার মেলা। এদিন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় নবনিযুক্ত প্রায় ৫১ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি নবনিযুক্তদের উদ্দেশে ভাষণও দেন।

খড়্গপুরে এই কর্মসূচির আয়োজন করা হয় মাল্টি-ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট (MDZTI) ও সুপারভাইজার্স ট্রেনিং সেন্টার (STC)-এ। অনুষ্ঠানে প্রায় ১৪২ জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, নৌ- পরিবহণ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন, পশুপালন, পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।

বিশিষ্ট অতিথিরা নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। বক্তারা কেন্দ্র সরকারের বৃহৎ কর্মসংস্থান উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের কর্মসূচি দেশের যুবসমাজকে আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে নবনিযুক্তদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ললিত মোহন পান্ডে-সহ রেলের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। ডিআরএম তাঁর বক্তব্যে জনসেবার গুরুত্ব তুলে ধরেন এবং নবনিযুক্তদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।

সরকারের স্বচ্ছ ও সময়ানুবর্তী নিয়োগ প্রক্রিয়া, দক্ষতাভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি এবং যুবসমাজের ক্ষমতায়নের লক্ষ্যে রোজগার মেলা আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *