স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ নভেম্বর:
গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জনের। আহত আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকার রাজ্য সড়কে।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে একটি মৃতদেহ নিয়ে দাহ করার উদ্দেশ্যে একটি ম্যাটাডোর নবদ্বীপ শ্মশানে যাওয়ার জন্য রওনা দেয় গতকাল রাতে। বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। রোগাক্রান্ত হয়ে তাঁর মত্যু হয়। তাঁর সৎকার করতেই পরিবার ও প্রতিবেশীরা মিলিয়ে ৪০ জন একটি ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। রাত ২টোর সময় নদিয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে শ্মশানযাত্রীদের ট্রাকটি। গাড়িটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। গভীর রাতে পথ দুর্ঘটনা হওয়ার কারণে সেভাবে কেউ উদ্ধার করতে আসেনি। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং হাঁসখালি থানার পুলিশ কোনওরকমে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা ১৮ জনকে মৃত ঘোষণা করে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। স্থানীয়দের দাবি ঘন কুয়াশা এবং গাড়িটি গতিবেগ অতিরিক্ত থাকার কারণে এই দুর্ঘটনা। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

