বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২৭ নভেম্বর: কখনোই ওয়াক ওভার নয়। বরং চোয়াল শক্ত করেই আঁটঘাট বেঁধে কলকাতা পুরসভার নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামতে চলছে বিজেপি। জানা গেছে, ১৪৪ টি ওয়ার্ডে দলের সব বিধায়কদের ময়দানে নামাচ্ছে রাজ্য বিজেপি, এছাড়াও সঙ্গে আছেন বেশ কিছু জনদরদি হিসেবে পরিচিত সংগঠকও।
শনিবার ভোটের রণকৌশল ঠিক করতে কলকাতায় নির্বাচনী বৈঠক সারেন বঙ্গ বিজেপি নেতারা। বৈঠকের সমস্ত ওয়ার্ডের সভাপতি ও জেলা সভাপতিদের মতামত নেওয়া হয়। দলের হেস্টিংস অফিসে বৈঠকটি হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে কেন্দ্রীয় নেতা অমিত মালব্য উপস্থিত ছিলেন।
কলকাতা পুরসভার নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি। কারন এই পুরসভায় সম্মানজনক ফল করলে নিচু তলার কর্মীদের মনোবল বাড়বে। যার প্রভাব পড়বে রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচনেও। তাই কলকাতা পুরসভার প্রত্যেক বরোতে একজন করে বিধায়কে দায়িত্ব দিচ্ছে বিজেপি। এদের সঙ্গে রয়েছে বেশ কিছু সংগঠকও। এদিনের বৈঠকে দায়িত্বপ্রাপ্ত বিধায়করা হাজির ছিলেন। অশোক দিন্দা, বিমান ঘোষদের বুথ স্তরের কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠকদের মধ্যে চৌরঙ্গীতে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা দেবদত্ত মাজির মতো সংগঠককে। দেবদত্ত মাজি বিধানসভা নির্বাচনে চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী ছিলেন। এলাকায় তাঁর প্রভাব আছে বলে জানা যায়।
এই ধরণের পরিকল্পনা করার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে নিচু তলার কর্মীদের নিয়ে ছোট লাল বাড়ির লড়াইতে ঝাঁপাতে পারলে সংগঠন আগামী দিনে মজবুত হবে। জানা গেছে, রবিবার থেকেই কলকাতা পুরসভার নির্বাচনে দলের সব বিধায়করা নামছেন মর্যাদার লড়াইয়ে।

