মোদী ম্যাজিকে মজে নতুন প্রজন্মও! পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহী ১৭ লাখ পরীক্ষার্থী

আমাদের ভারত, ২৫ মার্চ: বিগত কয়েক বছর ধরেই পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পরীক্ষা পে চর্চা।‌ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কয়েক জন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেন ও পরামর্শ দেন। মূলত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষার আগে পড়ুয়াদের মনোবল বাড়াতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। এই বছর কয়েক লাখ পড়ুয়া এই অনুষ্ঠানে যোগ দিতে নাম নথিভুক্ত করেছে।

এই বছর প্রায় সব রাজ্যই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এপ্রিলের শুরুতেই শুরু হবে উচ্চমাধ্যমিক। পশ্চিমবঙ্গে ৪ এপ্রিল উচ্চ মাধ্যমিক শুরু। করোনার কারণে গতবছর পরীক্ষা পে চর্চা অনলাইনে হয়েছিল। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কথা বলছিলেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সঙ্গে। কিন্তু এবার করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় আবার মুখোমুখি বৈঠকের ব্যবস্থা হয়েছে।

১ এপ্রিল দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরীক্ষা পে চর্চা। এখানে থাকবে দেশের বিভিন্ন জায়গার পড়ুয়ারা, থাকবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ১৬ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছে। আর এর থেকেই স্পষ্ট দেশের আগামী প্রজন্ম মোদী ম্যাজিকে বিভোর।

নাম নথিভুক্ত করানো পরীক্ষার্থীদের মধ্যে থেকে বাছাই করা হবে কারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। তালকাটোরা স্টেডিয়ামের সাড়ে তিন হাজার আসন রয়েছে। ফলে এই সংখ্যক পড়ুয়াকেই স্টেডিয়ামে জায়গা দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে। আবার এদের মধ্যে কয়েকজন সুযোগ পাবে প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি কথা বলার। আপাতত প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা চুড়ান্ত ব্যস্ত এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিকে সাফল্যের সঙ্গে পরিচালনা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *