সুশান্ত ঘোষ, বাগদা, ১০ মার্চ: চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করল সীমান্ত রক্ষী বাহিনী। তাঁদের কথায় অসংগতি থাকায় তাদেরকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসে। এদের মধ্যে ১০জন মহিলা, দুই জন কিশোর ছিল বলে জানিয়েছেন জওয়ানরা। বৃহস্পতিবার সকালে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের জওয়ানরা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্ত থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারত–বাংলাদেশ বাগদার রনঘাট সীমান্ত দিয়ে দালালের হাত ধরে চোরা পথে ভারতে প্রবেশ করছিল ১৬ জন অনুপ্রবেশকারী। সেই সময় সীমান্ত রক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানেরা তাদের লক্ষ্য করে। জওয়ানদের দেখে দালালরা পালিয়ে গেলেও বিএসএফদের জালে ধরা পরে অনুপ্রবেশকারীরা। বিএসএফ জেরা করে জানতে পারে কাজের সন্ধানে তারা দালালের মাধ্যমে চোরা পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পরে ধৃতদের বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার অনুপ্রবেশকারীদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

