BJP, Midnapur, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, শুরু উন্নয়নের কর্মযজ্ঞ: সমিত মণ্ডল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খড়্গপুরের কৌশল্যায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সমিত মণ্ডল রাজ্য সরকারের ১০০ দিনের কাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি খড়্গপুর শহরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে সমিত মণ্ডল বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার ১০০ দিন পূর্ণ করেছে। ইতিমধ্যেই রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন এবং বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা বিজেপি সভাপতি বলেন, দলের কোনও নেতা বা কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিনের সাংবাদিক সম্মেলনে খড়্গপুর শহরের দীর্ঘদিনের বেহাল নিকাশি ব্যবস্থা প্রসঙ্গও বিশেষ গুরুত্ব পায়। এ বিষয়ে সমিত মণ্ডল বলেন, খড়্গপুর পৌরসভায় গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ নিকাশি সমস্যা নিয়ে বৈঠক করেছিলেন। কিন্তু সেই বৈঠকের পরেও বাস্তবে সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, তৃণমূল পরিচালিত পৌরসভার আমলে নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এলেও সেই অর্থের যথাযথ ব্যবহার হয়নি। এমনকি নিকাশি ব্যবস্থার জন্য বড় বড় পাইপ আনা হলেও দীর্ঘদিন কাজ না হওয়ায় সেগুলি ফেরত চলে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সমিত মণ্ডলের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ১০০ দিন পূর্ণ করার পরও খড়্গপুর পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ড সাধারণ মানুষের কাছে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে রাজ্য সরকার কোনও কাজ করছে না। এই প্রচেষ্টা সফল হবে না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, খড়্গপুরের শিক্ষিত মানুষ সবকিছু জানেন এবং বোঝেন। পৌরসভা কী কাজ করছে আর কী করছে না, তা শহরবাসীর কাছে স্পষ্ট। আগামী দিনে খড়্গপুর পৌরসভায় বিজেপি ক্ষমতায় এলে মানুষের পাশে থেকে শহরের নিকাশি ব্যবস্থা- সহ নাগরিক পরিষেবার সমস্যাগুলির স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন জেলা বিজেপি সভাপতি।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও দাবি করেন, খড়্গপুর শহরের সামগ্রিক উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন। নিকাশি, পানীয় জল, রাস্তা- সহ নাগরিক পরিষেবাগুলির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মানুষের দুর্ভোগ কমানোই তাঁদের লক্ষ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *