আমাদের ভারত, নদিয়া, ১৮ আগস্ট: আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে নদিয়ার নবদ্বীপে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করলো ভারতীয় জনতা পার্টি। বিজেপি নবদ্বীপ শহর উত্তর ৪ নং মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে সোমবার বিকেলে অনুষ্ঠিত হলো ‘গঙ্গাবক্ষে তেরঙ্গা যাত্রা’।
এদিন প্রাচীন মায়াপুর নদিয়া গঙ্গার ঘাট থেকে এই তেরঙ্গা যাত্রা শুরু হয় এবং তা জলপথে এগিয়ে গিয়ে নবদ্বীপের বড়াল ঘাটে সমাপ্ত হয়। গঙ্গাবক্ষে নৌকা ও ট্রলারে জাতীয় পতাকা হাতে মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র গঙ্গার ঘাট চত্বর।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় বিধায়ক, জেলা সভানেত্রী অপর্ণা নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক তাঁর বক্তব্যে মহিলা মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “৮০ বছর পূর্ণ হতে চলা স্বাধীনতার প্রকৃত অর্থ ও গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের এই উদযাপন।” তিনি আরও উল্লেখ করেন, দেশে ২০১৪ সালে পরিবর্তনের মাধ্যমে এবং পরবর্তীতে রাজ্যে সাধারণ মানুষ তাঁদের অধিকার ফিরে পেয়েছেন এবং সেই আনন্দ ও দেশপ্রেমের ভাবধারাকে তুলে ধরতেই এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে জেলা সভানেত্রী অপর্ণা নন্দী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মণ্ডলের সভাপতি শঙ্কর দেবনাথ, সম্পাদক পিন্টুরঞ্জন দেবনাথ, মহিলা মোর্চার নেত্রী অনিন্দিতা দেবী সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক দলীয় কর্মী- সমর্থক। মহিলা মোর্চার গঙ্গাবক্ষে এই সুশৃঙ্খল ও উৎসব মুখর তেরঙ্গা যাত্রা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিশেষ নজর কাড়ে।

