বাস চালু হওয়ার দিনেই কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত বাইকচালক, আহত ১২

রাজেন রায়, কলকাতা, ১ জুলাই: বাস চালু হওয়ার প্রথম দিনে এভাবে দুর্ঘটনা ঘটবে, ভাবতে পারেননি শহরবাসী। প্রথম দিনেই ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকলো মহানগরী কলকাতা। বৃহস্পতিবার দুপুর ১২ নাগাদ কলকাতার রেড রোডে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে একটি মিনিবাস ও বাইকের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙ্গে কিছুটা ভেতরে ঢুকে যায়।  দুর্ঘটনায় মৃত্যু হয় বাইকচালকের। গুরুতর আহত হন প্রায়  ১০ থেকে ১২ জন যাত্রী।

আহদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে সাউথ ট্রাফিক গার্ড, ময়দান থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করা হয়।  

জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে জনা ২০ মতো যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার সময়ে এক বাইক আরোহীকে কার্যত পিষে দেয় মিনিবাসটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীরা। দুর্ঘটনার পরে ফোর্ট উইলিয়ামের সেনা কর্মী ও পুলিশ প্রাথমিক ভাবে উদ্ধারকার্য চালান। আহতদের বের করে আনা হয়। পরে ক্রেনের সাহায্যে বাসটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সঙ্গে হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও। সবাই মিলে আহতদের বাস থেকে বার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার তীব্রতায় রাস্তার ধারের একটি রেলিং সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে তিনটি ক্রেন। তাতে করেই বাসটিকে সরানোর কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *