বারুইপুরের ঘটনার প্রতিবাদ, মোমবাতি মিছিল মেদিনীপুর শহর কংগ্রেসের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহর কংগ্রেসের উদ্যোগে একটি মৌন মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। গোটা মিছিল জুড়ে প্রতিবাদীরা নীরবতা পালন করে নিহত নাবালিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মেদিনীপুর শহর কংগ্রেসের ইনচার্জ তথা কাউন্সিলর মহঃ সাইফুল। তিনি বলেন, বারুইপুরের এই মর্মান্তিক ঘটনা সমগ্র রাজ্যবাসীকে স্তম্ভিত করেছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি তিনি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন শহর কংগ্রেসের নেতা শুভাশিস পণ্ডা, সঞ্জীব শীট, অনিরুদ্ধ ব্যানার্জি, চিরঞ্জিত ভৌমিক, যুব নেতা আহমেদ হোসেন-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে বলেও তাঁরা দাবি করেন। তাঁরা অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।

শেষে নিহত নাবালিকার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *