সাথী দাস, পুরুলিয়া, ১৩ আগস্ট: সিবিআই ও ইডির দ্বিচারিতা ও বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে পুরুলিয়ার পথে নামল যুব ও ছাত্র তৃণমূল। আজ দিনভর জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি পালন করা হলেও জেলার তৃণমূল নেতাদের খুব একটা দেখা যায়নি। নিতুরিয়াতেও বিকেলে দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর ১ যুব সভাপতি সৌমেন তেওয়ারি জানান, ‘যেভাবে কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই বিজেপির কথায় অবিজেপি নেতাদের ঘরে ঢুকে ছাপ্পা মারছে ও বিজেপির দোষী নেতারা এ থেকে রেহাই পাচ্ছে তাতে প্রমাণিত হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি শুধুমাত্র বিজেপির কথাতেই চলছে। এর নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’

কাশীপুরে স্থানীয় ব্লক যুব তৃণমূল ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক ও প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া। পুঞ্চায় যুব ও ছাত্রদের মিছিলের নেতৃত্ব দেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি।

তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি মেঘদূত মাহাতো জানান, “কেন্দ্রীয় সরকার আমাদের গর্বের বাংলাকে বারবার লাঞ্ছিত ও অপমানিত করছে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বাংলার মাটিকে অপমান করতে আবারও উদ্যত হয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিবিআই ইডির ‘নিরপেক্ষতা’ আজ প্রশ্নের মুখে। তৃণমূল কংগ্রেস আইন এবং সংবিধান মেনে চলতে পছন্দ করে বলেই পশ্চিমবঙ্গ সরকার তদন্তের স্বার্থে সমস্ত রকমের সহযোগিতা করছে। কিন্তু তাই বলে বিজেপি করলে সিবিআই ইডি ধরবে না আর তৃণমূল করলেই চক্রান্তের শিকার হতে হবে এটা হতে পারে না। রাজনৈতিক স্বার্থে বারংবার সিবিআই ইডিকে ব্যবহারের বিরুদ্ধে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আমরা সোচ্চার হয়েছি।

