আমাদের ভারত, ১৬ নভেম্বর: পানিহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায়, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই খুনের ঘটনায় অভিযোগের তির বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। যদিও এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় দলের মধ্যে থাকা চাপানুতরের মধ্যে নিজের মতামত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
পানিহাটিতে এক ব্যবসায়ীর উপর হামলা চালায় পানিহাটি এক নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস ও তার দলবল। এক ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। এই ঘটনা সম্পর্কে ফোন করে খবর দেন বিজেপির মন্ডল সম্পাদক এলাকার বিজেপি নেত্রী রুমা সাহাকে। খবর পেয়ে তিনি ও তার স্বামী ঘটনাস্থলে যান। রুমা সাহার অভিযোগ, এরপরই রাজদীপ দাস ও তার অনুগামীরা বিজেপি নেত্রীর ওপর চড়াও হয়। স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামী অরূপ সাহাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কর্মী অরূপ সাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমি যা জানতে পেরেছি ঝগড়া হয়েছিল। অন্য কোনো জায়গায়। এর সাথে দলের কোনো যোগাযোগ নেই। নিহত তার নিজের বাড়িতে এসে মারা গিয়েছেন। ওই ব্যক্তির ময়নাতদন্ত হোক। পুলিশ তদন্ত করুক। তদন্তে দেখা যাবে, যদি কেউ দোষী থাকে সে গ্রেফতার হবে। কিন্তু অনেকেই মুখ খুলছেন আগে আগেই। একটা কমেন্ট করে দিচ্ছেন। আমার মনে হয় তা থেকে বিরত থাকা উচিত। আগে তো দেখি কী হয়েছে। আগে ছাই সরিয়ে তার ভেতরে আগুন আছে কিনা দেখি, তারপরে মন্তব্য করলে ভালো হয়। কারণ পরে যদি পোস্টমর্টেমে অন্য কিছু বের হয়। তখন কিন্তু মন্তব্যে ভুল বেরিয়ে যাবে, ভুল প্রমাণিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ দাবি করেছেন, নির্মল ঘোষ অভয়া মামলা থেকে বেল পেয়েছে, বাইরে বেরিয়েছে। সে এতটাই সক্রিয় হয়েছে যে বিজেপির দলের লোকেরাও তার সঙ্গে দেখা করেছে। এ সমস্ত কিছু ঘিরে পানিহাটি উত্তপ্ত। তার আরও দাবি, জেলা সভাপতি ২৯টি ওয়ার্ডেই তার মতো করে ২৯ জনকে বসিয়ে দিচ্ছেন। তারাই সমস্ত ঝামেলা পাকাচ্ছে। অন্যদের গুরুত্ব সেভাবে দেওয়া হচ্ছে না। সেখানে তৃণমূলের মদদকারী লোক বেশি। বিধায়িকার কথায় আমাদের পানিহাটিতে এখন এই পরিস্থিতি, অন্য জায়গার কথা বলতে পারব না। তৃণমূল বাহিনী বেশি ঢুকে পড়েছে। ৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে তারাই বেশি দলে কাজ পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে বলে তার দাবি।
যদিও নব নির্বাচিত বিধায়িকার প্রকাশ্যে দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হওয়াকে অনেকেই ভালো মনে নিচ্ছেন না। দলে কর্মীদের কাজ নিয়ে অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটা দলের অভ্যন্তরে আলোচনা হওয়া উচিত। নাহলে দলের ভাবমূর্তির উপর প্রভাব পড়ে বলে অনেকের দাবি।

