Mahalaya, Kalnagini River, মহালয়ার পুন্যভোরে কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পণ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১০ অক্টোবর: মহালয়ার পুণ্যভোরে কালনাগিনী নদীর তীরে জলে নেমে অভিনব তর্পণ করলেন মহিলারা। প্রচলিত রীতির বাইরে গিয়ে মহিলাদের পরিচালনায় এই ব্যতিক্রমী তর্পণ অনুষ্ঠান ঘিরে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মন্মথপুর এলাকায় তৈরি হয় বিশেষ উৎসাহ। পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি সমাজে নারী সুরক্ষা ও সম্মানের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মন্মথপুর প্রণব মন্দিরের আধ্যাত্মিক ভাবনা এবং ‘স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ’- এর উদ্যোগে কালনাগিনী নদীবক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহালয়ার ভোরে নদীর জলে নেমে প্রণব মন্ত্র উচ্চারণ ও তর্পণের মধ্যে দিয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এলাকার মহিলারা। মহিলাদের সক্রিয় পরিচালনায় এই আয়োজন প্রথাগত তর্পণের থেকে আলাদা মাত্রা পায়।

সনাতন ধর্মে মহালয়ার সকালে তর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের স্মরণ করার বিশেষ রীতি রয়েছে। সাধারণত নদীর ঘাটে কিংবা নদীর পাড়ে দাঁড়িয়েই এই ধর্মীয় আচার পালন করা হয়। কালনাগিনী নদীর বুকে মহিলাদের পরিচালনায় তর্পণের এই উদ্যোগ ছিল ব্যতিক্রমী। ধর্মীয় আচার পালনের পাশাপাশি সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরার চেষ্টা করেন উদ্যোক্তারা।

আয়োজকদের ভাবনায়, পূর্বপুরুষদের স্মরণের এই পবিত্র মুহূর্তে নারী সুরক্ষা, মর্যাদা ও সম্মানের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বর্তমান সমাজে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

নদীর শান্ত জলরাশি, মহালয়ার ভোরের স্নিগ্ধ পরিবেশ এবং মন্ত্রোচ্চারণে গোটা অনুষ্ঠান হয়ে ওঠে ভাবগম্ভীর। মহিলাদের এই ব্যতিক্রমী উদ্যোগ ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামাজিক সচেতনতার এক বিশেষ মেলবন্ধন তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *