আমাদের ভারত, ৩১ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে রাজনৈতিক স্লোগান লেখা নিয়ে একাধিক প্রশ্ন তুলে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে সাদা রং করার কয়েক ঘন্টার মধ্যেই কাল মার্কসের উদ্ধৃতি আবার লেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক স্লোগান এবং দেওয়াল লিখন নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিতর রাজনৈতিক কাজ বা রাজনৈতিক স্লোগানের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকা উচিত। সব দেওয়ালে যদি লেখা শুরু হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। তাঁর বক্তব্য, এক সময় আন্দোলনরত পড়ুয়ারাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিজেদের বাড়ি বলে দাবি করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, একজন ছাত্র নিজের বাড়ির দেওয়ালে তো রাজনৈতিক স্লোগান লেখে না। নিজের বাড়ি নোংরা করবে না, অথচ বিশ্ববিদ্যালয়কে নোংরা করবে এটা হতে পারে না।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দেওয়াল লিখনের জন্য নির্দিষ্ট কর্ণার তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে সুকান্ত মজুমদারের স্পষ্ট বক্তব্য, দেশ বিরোধী স্লোগান কোথাও লেখা যায় না।
নকশাল পন্থীদের সমর্থন নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, যারা নকশালদের সমর্থন করছেন, তাদের বলবো বিপ্লব দীর্ঘজীবী হোক। নিজের বাড়ির দেওয়ালে লিখুন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ এবং একটি অংশের অধ্যাপকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সুকান্ত মজুমদারের অভিযোগ, বিশ্ববিদ্যালয় একটি নেক্সাস কাজ করে, এবং সুযোগ পাওয়ার ক্ষেত্রেও নানা অনিয়ম রয়েছে। যদিও এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নেবে বলেও জানান তিনি।

