আমাদের ভারত, ১৭ নভেম্বর: চোর বাগানের পুজো মন্ডপে পদপিষ্টের ঘটনার রাতে সাংবাদিক বৈঠক করে হাসপাতালের পরিকাঠামো ও ওষুধের অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ডিউটির সময় কেন সাংবাদিক বৈঠক করেছেন? এই অভিযোগে তাদের হাতে ধরানো হলো নোটিশ। বলা হয় কারণ ব্যখ্যা করতে। জুনিয়র চিকিৎসকদের ওপর এক রকম শাস্তি মূলক পদক্ষেপ নিল কলকাতা মেডিকেল কলেজ। আটজন ইন্টার্নের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সৌম্যদীপ দে, আয়ুস ঝাঁ, আজিঙ্কা কুমার বর্মা সহ আটজন ইন্টার্ণকে কারণ জানানোর জন্য নোটিশ ধরিয়েছে কর্তৃপক্ষ। কেবল তাই নয়, অধ্যক্ষের দপ্তরের তরফে ওই আটজন ইন্টার্নের অভিভাবকের কাছেও ই- মেইল পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে জুনিয়র চিকিৎসক মহলেও। প্রশাসনের এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রতিবাদে সরব হয়েছে আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশীষ হালদার ও অনিকেত মাহাতো।
হাসপাতাল সূত্রে খবর, আটজন ইন্টার্নকে পাঠানো শোকজের চিঠি এবং তাদের অভিভাবকদের কাছে পাঠানো ই- মেইলে মূলত দুটি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, চোরবাগান কাণ্ডের রাতে ওই আটজন ডিউটিতে থাকা সত্ত্বেও নিজেদের কর্তব্য পালন না করে সাংবাদিক বৈঠক করেছেন। দ্বিতীয়ত, হাসপাতালে মজুত ওষুধ সংক্রান্ত যেসব তথ্য তারা দিয়েছিলেন, এবং যেসব জীবনদায়ী ওষুধ নেই বলে দাবি করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এই পদক্ষেপের স্বপক্ষে যুক্তি দিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অধ্যক্ষ একটি টিচিংবাজ হাসপাতালে কর্ণধার। উনি ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়মাবলী মেনে যদি কোনো কাজ করে থাকেন তবে সেটা আইনের শাসন। আর আইনের শাসনকে তো আমরা সব সময় মাথায় তুলে রাখি। অধ্যক্ষ মহাশয়ের যদি মনে হয়ে থাকে যে কেউ আইন লঙ্ঘন করেছেন তবে তার জন্য নিয়ম মেনে কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পড়ুয়ারা বা জুনিয়র চিকিৎসকরা সেই চিঠির উত্তর দেবেন। সেই চিঠি অনুযায়ী অধ্যক্ষ মহাশয় যদি তাদের যুক্তি মেনে নেন এবং সন্তুষ্ট হন তবে তো খুবই ভালো।
অন্যদিকে কর্তৃপক্ষের এই পদক্ষেপের নিন্দা করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ চিকিৎসক দেবাশীষ হালদার। তাঁর কথায়, আজই আমরা শোকজ লেটারটি দেখলাম। চোর বাগানের ঘটনার পর আমাদের জুনিয়ার ইন্টার্নরা মেডিকেল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ
খুলেছিলেন বলেই শাস্তি স্বরূপ তাদের এই চিঠি পাঠানো হয়েছে। আমি এর তীব্র ধিক্কার জানাই। হাসপাতালের অব্যবস্থা নিয়ে মানুষের স্বার্থে কী কী জিনিস নেই তা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। শোকজ লেটারে প্রশ্ন তোলা হয়েছে যে কেন মুখ খোলা হল? একজন শিক্ষার্থীর আইনত তার কথা বলার ক্ষেত্রে কোনো বাধা নেই। তিনি আরো বলেন, সরকারি হাসপাতালে যারা কাজ করেন তারা জানেন যে দীর্ঘদিন ধরে এই অভাব অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। এমন নয় যে সেদিন প্রথম বলা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে সত্যিটা সামনে আনার জন্য এই পদক্ষেপ পূর্বতন সরকারের মতোই একটি প্রতিহিংসা মূলক আচরণ দেখছি আমরা। প্রতিবাদী জুনিয়রদের যেভাবে হেনস্তা করা হচ্ছে আমরা সার্বিক ভাবে তাদের পাশে রয়েছি। সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরেক আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, চোরবাগানের ঘটনায় ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে ৮জন ইন্টার্ন ডাক্তারকে শোকজ নোটিশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ। এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মনে করি এবং তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেখেছি সেদিন ইন্টার্ন এবং জুনিয়র চিকিৎসকরা প্রথমে এগিয়ে এসে সুষ্ঠু পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। শুধু কর্তব্যরত চিকিৎসকেরাই নয়, যাদের ডিউটি ছিল না তারা এবং প্রাক্তনীরাও একযোগে কাজ করেছেন। ডিউটি করতে করতে তারা হাসপাতালে পরিকাঠামগত এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে সংবাদমাধ্যমের সামনে যে কথা বলেছেন তা গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে।
কর্তৃপক্ষের দিকে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, কি চিকিৎসা দেওয়ার জন্য? কোন পরিকাঠামোগত ত্রুটির কারণে? আহত ব্যক্তিদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হলেও, এর উত্তর কর্তৃপক্ষ কবে দেবেন? ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজের বুকে ঘটে যাওয়ার নৃশংস ঘটনার পর জুনিয়র ডাক্তারেরা প্রতিবাদ করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে ছিলেন বলেই সত্য সামনে এসেছিল। অভয়ার ন্যায়বিচারের সেই লড়াইয়ে সারা বিশ্ব আন্দোলিত হয়েছিল। দুর্নীতি ও থ্রেট কালচারের মুখোশ বাংলার মানুষের কাছে উন্মোচিত হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটাই সময়ের শিক্ষা।

