পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মেদিনীপুরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে শহরের দীর্ঘ দিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গুরুত্ব দেওয়ার বার্তা উঠে আসে সোমবারের কর্মসূচিতে। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে জগদ্ধাত্রী পুজোর উৎসবের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।

সব মিলিয়ে প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি মেদিনীপুরের পাঁচটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশের সাক্ষী থাকল মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকা।

মেদিনীপুর শহরের কেরানীতলার চকে চন্দন ঘোষের আদি উত্তরণ এবং হিন্দু যুব বাহিনীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলাবাসীর জন্য হাতে কাজ, মাথায় ছাদ, পেটে ভাত আর নারী সুরক্ষা। ছোট বাচ্চা মেয়েদের প্রতি অত্যাচার করলে আগের মুখ্যমন্ত্রীর মত বলবো না, একটা ছোট ঘটনা। এটা লাভ অ্যাফেয়ার। মেয়েটা অন্তসত্ত্বা ছিল। একথা বলবো না। যে ভাষাতে কথা বললে ধর্ষকরা খুশি হয়, সেই ভাষাতেই উত্তর দেবে পশ্চিমবঙ্গ সরকার। আমরা ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি। যারা প্রধানমন্ত্রীর পিতা- মাতা তুলে গালাগালি দেয়, তাদের গণতন্ত্রই এর উত্তর দিয়ে দেবে। যারা টুকরে টুকরে গ্যাং, পেহেল গাঁও- এ নিরপরাধী, যারা কলমা পড়তে না পারায় তাদের খুন করেছিলেন, সেই সময় তারা মিছিল করে না, কিন্তু এখন পাকিস্তানে হামলা হলো কেন, এনিয়ে লাল বাবুরা বেরিয়ে পড়েন।

সিপিএমকে উদ্দেশ্য করে বলেন, এদের থেকে সাবধানে থাকতে হবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এমনি বার্তা দেন মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

