স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ মে: হাইড্রেনের কাজ চলাকালীন মাটির তলা দিয়ে যাওয়া আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেল এক শ্রমিক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বড়বাজার রথ তলা এলাকার।
জানাগেছে, শান্তিপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই হাই ড্রেনের কাজ চলছিল, আজও সকাল থেকেই চলছিল কাজ। হাইড্রেন তৈরির কাজে ভিন জেলা থেকে অনেক শ্রমিক আসে কাজ করতে, আজ হাইড্রেন তৈরীর কাজ চলাকালীন হঠাৎই মাটির নিচে দিয়ে যাওয়া আর্থিং তারে পা লাগে ফটিক নামে এক শ্রমিকের। এর পরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক। তবে ওই শ্রমিকের সাথে আরো দুই শ্রমিক ছিল তারাও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়, তবে তাদের সেই ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্বভাবতই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
হাইড্রেন তৈরির ঠিকেদার জানান, যখন হাইড্রেন তৈরীর কাজ চলছিল তখন ওই আর্থিং তার লক্ষ্য করেনি শ্রমিকরা। ওই তার লেগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটে। যদিও আর্থিং তারটি রাস্তার পাশে বসানো বৈদ্যুতিক খুঁটির তার বলে জানা যায়। তবে অল্পের জন্য বেঁচে যায় ওই শ্রমিক।

