Rakhi, Police, West Midnapur, রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: রাখি বন্ধনের পবিত্র দিনে সৌভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও সচেতনতার বার্তা নিয়ে পথে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাদের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে এবং পুলিশ লাইন সেফ হাউসে বিশেষ রাখি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরা হয়।

রাখি বন্ধন উপলক্ষে পুলিশ কর্মীরা পথচলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন। একইভাবে পুলিশ লাইন ও সেফ হাউসেও পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও আগ্রহ দেখা যায়। আইন- শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে পুলিশ যে সাধারণ মানুষের পাশে রয়েছে, এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই আরও স্পষ্ট হয়ে ওঠে।

তবে শুধু রাখি পরিয়েই কর্মসূচি সীমাবদ্ধ থাকেনি। পথ নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হেলমেট ছাড়া মোটর সাইকেল চালিয়ে যাওয়া আরোহীদের দাঁড় করিয়ে তাদের হাতেও রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীরা। শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে ভালোবাসা ও সচেতনতার মাধ্যমে তাদের হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়। নিজের জীবন এবং পরিবারের কথা মাথায় রেখে প্রতিটি মোটর সাইকেল আরোহীকে নিয়মিত হেলমেট পরে গাড়ি চালানোর জন্য আবেদন জানানো হয়।

এদিনের কর্মসূচি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরা হয়, নাবালিকা বিবাহ বন্ধ করার অঙ্গীকার। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা উপস্থিত থেকে নাবালিকা বিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। তাই নাবালিকা বিবাহ বন্ধ করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাধারণ মানুষের উদ্দেশ্যে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি আইন মেনে চলা, পথ নিরাপত্তা বজায় রাখা এবং শিশু ও কিশোরীদের সুরক্ষায় সচেতন থাকার বার্তা দেন। রাখির বন্ধনকে কেন্দ্র করে সমাজে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও নিরাপত্তার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই অভিনব উদ্যোগে রাখি বন্ধনের উৎসব পেল এক অন্য মাত্রা। একদিকে যেমন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্কের বার্তা ছড়িয়ে পড়ল, অন্যদিকে হেলমেট ব্যবহার এবং নাবালিকা বিবাহ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়েও জনসচেতনতা তৈরির চেষ্টা করা হলো। উৎসবের আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করে জেলা পুলিশের এই উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *