পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: পুজোর মরশুম শুরুর আগেই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশের অভিযানে ছেড়ুয়া এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া শব্দবাজির পরিমাণ প্রায় আড়াইশো কেজি। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুজো ও উৎসবের মরশুমকে সামনে রেখে জেলা জুড়ে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দবাজি মজুত, বিক্রি ও কেনাবেচা বন্ধ করতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত ছেড়ুয়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযান চালিয়ে একটি জায়গা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, বাজেয়াপ্ত শব্দবাজির ওজন প্রায় ২৫০ কেজি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া শব্দবাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান চালানো হবে। জেলার কোথাও যাতে বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দবাজির মজুত বা কেনাবেচা না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে।

পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, জেলায় কোনওরকম বেআইনি বা নিষিদ্ধ শব্দবাজির কেনাবেচা চলতে দেওয়া হবে না। এই ধরনের কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।
পুজোর আগে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশের এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্তর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনগুলিতেও জেলার বিভিন্ন এলাকায় একইভাবে অভিযান ও তল্লাশি চালানো হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

