কেশপুরে হাতির হানায় মৃত্যুর পর সতর্কতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় ফের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম গুরুপদ বেরা (৪৭)। বাড়ি কেশপুর ব্লকের আমলাবনী এলাকার দুধিয়াবাঁধি গ্রামে। শুক্রবার রাত এগারোটা নাগাদ গোদাপিয়াশালের জঙ্গল রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় একটি বুনো হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বনদপ্তরের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মেদিনীপুর বনবিভাগের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক বিজয় চক্রবর্তী বলেন, জঙ্গলের পথ দিয়ে যাতায়াতকারী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। যেসব এলাকায় হাতি রয়েছে সেই সব এলাকার রাস্তা দিয়ে রাতের বেলায় যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *