সাথী দাস, পুরুলিয়া, ১৮ জানুয়ারি: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসায় উত্তেজনা দেখা দেয় সাঁতুড়ির বালিতোড়া গ্রামে। সেখানে আজ সকাল থেকে টানা নিতুরিয়া থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। প্রায় ৬ ঘন্টা ধরে চলে অবরোধ।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। বিষয়টি বারবার জন স্বাস্থ্য কারিগরি দফতরে এবং প্রশাসনের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। এর আগে আন্দোলন করা হয়েছে। প্রত্যেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। ঘটনাস্থলে পৌঁছায় সাঁতুড়ি থানার ওসি বিশ্বজিত ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ জোর করে অবরোধ তুলতে চাইলে স্থানীয় মানুষজনের সঙ্গে বচসা শুরু হয়। উত্তেজনার সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিও হয় পুলিশ ও অবরোধকারীদের সঙ্গে। সেই সময় বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিদাস সরকার ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। তিনি জানান, “দীর্ঘদিন ধরে মানুষের এই দাবি রয়েছে এবং এই দাবি ন্যায্য। জন স্বাস্থ্য কারিগরি দফতরের গাফিলতির কারণে আজ সাধারণ মানুষকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে।”

এর মধ্যেই জন স্বাস্থ্য কারিগরি দফতরের গাড়ি অবরোধ স্থলে এলে ক্ষোভে ফেটে পড়ে বালিতোড়া গ্রামের বাসিন্দারা। পরে পুলিশের সঙ্গে মধ্যস্থতায়, গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

