পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: কয়েক মাস আগে দক্ষিণ- পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ ভোগপুর স্টেশন সংলগ্ন স্থানে ক্যাটেল ক্রশিং- এর সম্মতি দিয়েছিল। সেইমত কর্তৃপক্ষ কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করেছিল। স্থানীয় বাসিন্দাদের নিয়ে ভোগপুর স্টেশন লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি ক্যাটেল ক্রশিং- এর পরিবর্তে ওই স্থানে অন্তত অ্যাম্বুলেন্স যাতায়াতের জন্য চওড়া আন্ডারপাসের দাবি জানায়।

সেইমতো অবশেষে দক্ষিণ পূর্ব রেলওয়ে দপ্তরের জেনারেল ম্যানেজারের অফিস থেকে এ ই এন, ডিজাইন (ব্রীজ) এম. বৈদ্য খড়্গপুরের সিনিয়র ডি ই এন(কো-অর্ডিনেশন)কে গত ৬ অক্টোবর তারিখে একটি চিঠি দিয়ে ৪ মিটার চওড়া ও ৩ মিটার উচ্চতাযুক্ত আন্ডারপাস নির্মাণের জন্য সম্মতি দেওয়া হয়েছে। পাশাপাশি সিনিয়র ডি ই এন (ইস্ট)কে এ ব্যাপারে অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। নিয়ম অনুসারে এবারে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্যাটেল ক্রশিং আড়াই মিটার চওড়া ও আড়াই মিটার উচ্চতা বিশিষ্ট পশুদের যাতায়াতের জন্য আন্ডারপাস করা হবে বলে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। কমিটির পক্ষে সুখেন্দুশেখর জানা, মধুসূদন বেরা, বানেশ্বর নাটুয়া, চন্দন সামন্ত প্রমুখেরা রেল দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অতি দ্রুত অ্যাপ্রুভ আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন রেল দপ্তরের কাছে। খুব শীঘ্রই কমিটির পক্ষ থেকে সিনিয়র ডি ই এন (ইস্ট) সন্তোষ কুমারের সাথে দেখা করে সার্ভের কাজ শুরু করার আবেদন জানানো হবে। নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়কও রেল দপ্তরের ওই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে আর যাতে কোনো নাগরিকের প্রাণহানি না ঘটে সেজন্য দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানান।

