অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ সেপ্টেম্বর:
ঝাড়গ্ৰাম জেলা জুড়ে গত কয়েকদিন অল্পবিস্তর বৃষ্টি তো চলছিলই তার মাঝে শুক্রবার সারারাত ধরে প্রবল বর্ষণের কারণে সমুহ ক্ষতির সম্মুখীন জেলার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার সব্জী চাষিরা। বৃষ্টির জলে ক্ষতি হতে বসেছে কপি চাষের চারাগাছ থেকে শুরু করে সদ্য লাগানো করলা, পটল জাতীয় সব্জি।
শনিবার সকালে দেখা গেল সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুরের পিড়াশিমূল, আলমপুর, টোপগেড়িয়া গ্রামের চাষিদের অল্প কয়েকদিন আগে লাগানো কপি চাষের জমিতে জল যেমন জমা হয়েছে তেমনি বিঘার পর বিঘা করলা চাষের মাচা ভেঙ্গে পড়েছে।

স্থানীয় চাষি বিনোদ পৈড়্যা এবং লালকমল সাউ বলেন, বৃষ্টির কারণে কপির বীজতলার চারা এবং মাঠের লাগানো ফসল যেমন নষ্ট হবে তেমনি অন্যান্য সব্জী চাষেরও প্রচুর ক্ষতি হবে। তার পর বর্তমান পরিস্থিতিতে বাজারে সব্জির যেভাবে কম দাম তাতে চাষ করে সংসার চালানো একপ্রকার মুশকিল হয়ে পড়বে আগামী দিনে।

