শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় বিচারক এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ৫ বছর আগে ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল দিনেশ অধিকারী (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। জঘন্যতম অপরাধ হিসেবে বিচারক তাকে এই নজিরবিহীন দণ্ড দিয়েছেন।

মামলার সরকারি আইনজীবী স্বর্ণেন্দু পরিয়াল বলেন,  বেলদা থানার এলাকায় ২০১৭ সালের ২১ জুলাই ঘটনাটি ঘটেছিল। সেদিন  শিশুকন্যাটির মা তাকে এক প্রতিবেশীর বাড়িতে রেখে বাড়িতে কাজ করছিলেন। কাজ শেষে মেয়েকে বাড়িতে নিয়ে আসার পর তিনি লক্ষ্য করেন মেয়ে ঠিক মতো বসতে পারছে না,  চলতেও পারছে না। এরপরই মেয়ে ঘটনাটি জানায়।

“সরকারি আইনজীবী জানান, শিশুকন্যাটিকে বেলা ১০টা নাগাদ ওর মা ধর্ষক যুবকের মায়ের কাছে রেখে আসেন। ১২টা নাগাদ মেয়েটিকে আনতে গিয়ে কোলে নিতেই মেয়েটি যন্ত্রনায় কঁকিয়ে ওঠে। তখনই মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়েটি মাকে জানায় দরজা বন্ধ করে, মুখে চাপা দিয়ে তার উপর শারীরিক অত্যাচারের কথা। ঘটনা জানার পর নির্যাতিতা শিশুকন্যার পরিবার বেলদা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওইদিনই গ্রেপ্তার করে অভিযুক্ত যুবককে। ডাক্তারি পরীক্ষায় দেখা যায় তার গোপনাঙ্গে ক্ষত রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, পুলিশ, প্রতিবেশী সহ মোট ১০জনের সাক্ষ্য গ্রহণের পর মেদিনীপুর পকসো আদালতের বিচারক তানিয়া ঘোষ বৃহস্পতিবার আসামিকে দোষী সব্যস্ত করেন। শুক্রবার তাঁকে ২০ বছরের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস জেল ঘোষণা করেন বিচারক। সেই সঙ্গে সরকারকে ওই শিশু কন্যার পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *