জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর: শুক্রবার সকালে তমলুক থানার যোগীখোপ কৈলাসবাসিনী গার্লস হাই স্কুলের একশো মিটার দূরত্বে একটি পুরনো দোকান ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম নির্মল ভট্টাচার্য। বয়স আনুমানিক ৫১ বছর। দীর্ঘদিন পরিবারের সঙ্গে না থেকে তিনি একাই ওই পুরনো দোকানে থাকতেন। বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এসে রাত কাটাতেন ওই পুরনো দোকানে। গতকাল সন্ধে বেলাতেও তাকে ওই এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয় বাসিন্দারা। সকালে এলাকাবাসীরা দেখতে পায় তিনি ওই পুরনো দোকান ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিছানা থেকে একটি হাত নিচে ঝুলছে। রক্তাক্ত অবস্থায় তমলুক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। খুন না আত্মহত্যা তার তদন্ত করছে তমলুক থানার পুলিশ।

