বিদ্যার্থী পরিষদের এসএসসি ভবন অভিযানে অশান্তি, ধৃত বহু

আমাদের ভারত, ১০ আগস্ট: রাজ্যজুড়ে শিক্ষাব্যবস্থায় নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অভিযানে অশান্তি হয়। সংগঠনের দাবি, তাঁদের ৪০ জনকে পুলিশ আটক করেছে।

পূর্ব ঘোষণামত এদিন দুপুরে এবিভিপি-র কর্মী-সমর্থকরা বিধাননগরে এস.এস.সি-র ভবনে অভিযান করে। তাঁদের হাতে ছিল দাবি-সম্বলিত নানা পোস্টার। শ্লোগানও দিচ্ছিলেন। তাঁরা গতিরোধ উপেক্ষা করে এগোনোর চেষ্টা করলে পুলিশি অনেককে গ্রেফতার করে।

এসএসসি-র চেয়ারম্যানের উদ্দেশে এক স্মারকলিপিতে এবিভিপি-র রাজ্য সম্পাদক (দক্ষিণবঙ্গ) সঙ্গীত ভট্টাচার্য লিখেছেন, “পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার চরম দুর্নীতি আজ রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে সর্বজনবিদিত| অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই মর্মে নিম্নলিখিত দাবিগুলির সপক্ষে যাতে সত্ত্বর ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আপনাকে অনুরোধ জানান হচ্ছে।

১) রাজ্যজুড়ে সংগঠিত এসএসসি-টেট দুর্নীতির সঙ্গে যুক্ত এস.এস.সি. দপ্তরের আধিকারিক ও কর্মীদের নাম প্রকাশ করতে হবে।

২) টাকার / সুপারিশ বিনিময়ে যাদের নিয়োগ হয়েছে তার তালিকা দ্রুত প্রকাশ করে অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।

৩) ধরণারত প্রকৃত মেধাবী চাকরি প্রার্থীদের, চাকরি সুনিশ্চিত করতে হবে ।

৪) রাজ্যজুড়ে এসএসসি শূন্য পদের বিস্তারিত তালিকা ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সমস্ত শূন্য পদে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ অবিলম্বে সম্পন্ন করতে হবে।

৫) শুধুমাত্র শাসক দলের নেতা- নেত্রীদের দ্বারা বৈঠকের আশ্বাস দিয়ে নয়, দলীয় অফিসে বসে কোনো গোপন বৈঠক করে নয়। প্রকৃতপক্ষে এস.এস.সি’র চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করে বঞ্চিত মেধাদের চাকরির ব্যবস্থা করতে হবে।

৬) উৎসশ্রী প্রকল্পে নেতা ও উর্দ্ধতন আধিকারিকদের সুপারিশ ও আর্থিক লেনদেনের যে দুর্নীতি হয়েছে তার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *