স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ এপ্রিল: পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের, ঘটনায় আহত হয়েছে চারজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দৌলতগছ এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই কিশোরের নাম মহম্মদ সাহানাওয়াজ আলম, মেজর আলম। দুজনেরই বয়স ১৩ থেকে ১৪ বছর। বাড়ি চোপড়া থানার দৌলতগছ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, ভৈষপিটা থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে চোপড়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। আবারও কিছুটা দূরে গিয়ে আবার বেশ কয়েকজনকে ধাক্কা মেরে পালিয়ে যায় পিকআপ ভ্যানটি। এই ঘটনায় আহতদের উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। গুরুতর জখম অবস্থায় দুই জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ও চার জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
ইসলামপুর হাসপাতালে আহত দুই কিশোরকে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

