সাথী দাস, পুরুলিয়া, ৭ নভেম্বর: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আরপিএফের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন এক যাত্রী। ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনারা স্টেশনে।

আসানসোল থেকে টাটাগামী প্যাসেঞ্জার ট্রেন আনারা ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেয়। ওই সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রী ভারসাম্যহীন হয়ে ট্রেন এবং স্টেশনের প্ল্যাটফর্মের ফাঁকে চলে যান। ওই সময় স্টেশনে “অপারেশন জীবন রক্ষা” চলছিল আরপিএফের আনারার পোস্ট আধিকারিক অজয় কুমার গরাইয়ের তত্ত্বাবধানে। কর্তব্যরত দুই আরপিএফ জওয়ানের নজরে পড়ে ওই ঘটনা। দ্রুত তৎপরতার সঙ্গে ওই যাত্রীকে উদ্ধার করে তাঁদের পোস্টে নিয়ে যান জওয়ানরা।

জানা গিয়েছে ওই যাত্রীর নাম রাজেশ পান্ডে। তাঁর বাড়ি পাড়া থানা এলাকায়। স্ত্রীর সঙ্গে আনারা স্টেশন থেকে কুস্তাউর স্টেশনে যাচ্ছিলেন। টিকিট কেটে দেখেন ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ছে। দেখেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফস্কে যায় তাঁর বলে জানান ওই যাত্রী। প্রাথমিক চিকিৎসার পর ওই যাত্রীকে গন্তব্য স্থানে যাওয়ার ব্যবস্থা করে দেয় আরপিএফ। ওই যাত্রী কৃতজ্ঞতা জানান।

