হালিশহরে উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ মার্চ: বুধবার ভোররাতে হালিশহর পৌরসভার উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল একদল দুষ্কৃতী। এই ঘটনায় বীজপুর থানার পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে রাজীব সিং (৩৪) সুজিত চক্রবর্তী(২৮) নামের দুই দুষ্কৃতীকে। সূত্রের খবর অনুযায়ী, এরা দুজনেই নৈহাটির মামুদপুর গ্রামের বাসিন্দা। এদের বিরুদ্ধে এর আগেও তোলাবাজি ও নানা রকম অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, বুধবার ভোর রাতে হালিশহর পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডে হালিশহর পৌর সভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে বোমাবাজি হয়। এই ঘটনার পর শুভঙ্করবাবু স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ করেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, যে তিনি বারবার এলাকায় বেড়ে চলা তোলাবাজি ও দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন এবং তাদের এই সমস্ত কাজে বাধাও দিচ্ছিলেন। তাই তাকে ভয় দেখানোর জন্য তাকে আটকানোর জন্য এই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই পুলিশ খুব তৎপরতার সাথে এই ঘটনার তদন্ত শুরু করে।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ রাজীব সিং ও সুজিত চক্রবর্তী নামে দুই যুবককে গ্রেপ্তার করে ও তাদের দীর্ঘক্ষণ জেরা করা হয়। আজ অভিযুক্তদের ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। এদিন বিচারক এই দুই অভিযুক্তকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *