স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ মে: মর্মান্তিক পথদুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই পরিবারের আরও ৫জন। শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় মারনাই গ্রাম পঞ্চায়েতের বালিয়াপাড়া ব্রিজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মালদার সামসির এলাকার একই পরিবারের ৭ জন টোটোতে চেপে গাজোল থেকে ইটাহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেসময় বালিয়াপাড়া এলাকায় মালদা থেকে রায়গঞ্জ অভিমুখের একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে টোটোতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিজা বেওয়া নামে এক বৃদ্ধার। গুরুতর জখম হয় টোটোতে থাকা পরিবারের বাকি সদস্যরাও।

খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে, জখমদের উদ্ধার করে প্রথমে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নুরেমা বিবি নামে বছর ৫৬’র অপর এক মহিলার। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক ডাম্পারটির খোঁজে তল্লাশি শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

