স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ নভেম্বর: শেয়ালের উপদ্রব বেড়েছে গ্রামে। বাড়িতে ঢুকছে শেয়াল। শেয়ালের আক্রমনে আহত বেশ হয়েছে কয়েকজন। গুরুতর যখম দু’জন। শেয়ালকে পিটিয়ে মারার কথা স্বীকার আহতর। ঘটনায় সরব পশু প্রেমীরা।

রায়গঞ্জ শহর লাগোয়া মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামে শেয়ালের উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে বলে দাবি স্থানীয়দের। এলাকাজুড়ে শুধু রাতে নয়, দিনের বেলাতেও অবাধে শেয়ালের বিচরণ, ক্ষেত জমির সঙ্গে লোকেদের বাড়িতেও ঢুকে পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে সকালে ওই এলাকায় এক বাসিন্দার বাড়িতে ঢুকে এক শেয়াল বাড়ির লোকেদের উপর আচমকা আক্রমণ চালায় বলে অভিযোগ। সেই সময় শেয়ালের আক্রমনে বাড়ির মালিক ও তার স্ত্রী এবং ছেলে আহত হন বলে দাবি। তখন লাঠি জাতীয় কিছু দিয়ে শেয়ালের উপর প্রহার করলে শেয়ালটি মারা যায় বলে জানান বাড়ির মালিক নিজেই। এদিকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দ্রুত বন দফতর শেয়ালের বাড়বাড়ন্ত রুখতে ব্যবস্থা নিক বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, গবাদি পশু এমনকি শিশু সন্তানদের নিয়ে তারা চিন্তিত।

যদিও এই বিষয়ে সরব হয়েছেন পশুপ্রেমী সংগঠনও উত্তর দিনাজপুর পিউপিল ফর অ্যানিমেল। এনিয়ে বন দফতরকে জানানো হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শেয়ালকে মারার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের এই পশুপ্রেমী সংগঠন।

