প্রচন্ড ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে উত্তর দিনাজপুরে মৃত দুই

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি: প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে জেলার দুটি পৃথক স্থানে দুইজন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও হেমতাবাদ ব্লকে।

কয়েকদিন ধরেই তীব্র শীতে জুবুথুবু অবস্থা জেলাজুড়ে। গত কয়েকদিনে পারদ ক্রমেই নিম্নমুখী, সঙ্গে ঠান্ডা উত্তরে হাওয়া। আর এই শীতের হাত থেকে রেহাই পেতে আগুন পোহানোর চিত্র সর্বত্র। ঠিক এই কারনেই শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুজনের।

মৃতদের একজন ফতেমা বেগম(৬৭), বাড়ি হেমতাবাদ ব্লকের পাহাড়পুর গ্রামে। বুধবার সকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে বাড়ির সামনে আগুন পোহাচ্ছিলেন। সে সময় শাড়িতে আগুন লেগে যায়। বৃদ্ধার স্বামী উঠে আসতে না পারায় তার শরীর আগুনে গ্রাস করে। গুরুতর যখম অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

অপরদিকে ইটাহারের বাসিন্দা অশিতিপর আইশা বেওয়া মঙ্গলবার রাতে ঘরেই আগুন পোহাচ্ছিলেন। সে সময় পড়নের শাড়িতে আগুন লাগে। কোনো রকমে রাতে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। দুটি ক্ষেত্রেই মৃতদেহ দুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে হেমতাবাদ ও ইটাহার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *