আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি: এগরায় দলীয় অফিস উদ্বোধন করতে এসে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, খেজুরিতে যদি বিজেপি বোমা ফাটিয়ে থাকে, সারা বাংলায় বোমা ফাটছে কেন। পশ্চিমবঙ্গ বোমার কারখানা। এটাই একমাত্র ক্ষুদ্র ও কুটিরশিল্প চলছে সারা বাংলায়। বাইরে থেকে গ্যাংস্টার টেররিস্ট আসে। পশ্চিমবাংলায় বোমা ও বন্দুকের কারখানা হচ্ছে লোককে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য। এটা তৃণমূলের কাজ। আর ভোট এলে বোমা ও বন্দুক একটু বেশি তৈরি হয়, সামনেই পৌর ভোট।
রাজ্য সরকারের লকডাউন প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকার পদক্ষেপ কিছু নেননি। হঠাৎ করে কিছু মাথায় এলোতো তখনই তা বলে দিচ্ছেন। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ট্রেন চলবে। লোকগুলো ফিরবে কি করে? সমস্ত অফিস খোলা রয়েছে। তার পরিণাম হল অ্যাক্সিডেন্ট সহ একাধিক ঘটনা। পানশালা খোলা প্রসঙ্গেও দিলীপ ঘোষ কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, উনারা নেতা-মন্ত্রীরা খুব সৌখিন তো, ভিডিও ছবি আসছে আমরা দেখছি। পাঠশালা বন্ধ করে পানশালা খোলার ব্যবস্থা রেভিনিউ তোলার জন্য মমতা ব্যানার্জি করেছেন। পানশালার ব্যাপারে আগ্রহ বেশি আছে সরকারের।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে আজ বিজেপির দলীয় অফিস উদ্বোধন করলেন মেদিনীপুরের সংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে ফিতে কেটে ও বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে এগরা শহরে ১ নং ওয়ার্ডে দলীয় অফিস উদ্বোধন করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, সাংসদ প্রতিনিধি আশিস নন্দ, দুই সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও তাপস দলাই প্রমুখ। দলীয় অফিস উদ্বোধন করার পরে এগরা পুর এলাকায় নিজের হাতে দেওয়াল লিখে প্রচার অভিযান শুরু করেন দিলীপ ঘোষ।

