দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন বাকুঁড়া পরসভার ভাইস চেয়ারম্যান সহ দুই তৃণমূল কাউন্সিলর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১০ ফেব্রুয়ারি: দলীয় টিকিট না পেয়ে অবশেষে নির্দল হিসাবেই মনোনয়ন জমা দিলেন বাকুঁড়া পুরসভার বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল। এছাড়াও বিদায়ী বোর্ডের কাউন্সিলর অনন্যা চক্রবর্তী এবং প্রাক্তন দুই তৃণমূল কাউন্সিলর লতিকা হালদার ও পার্থসারথি দে মনোনয়ন জমা দেন। লতিকা দেবী নির্দল হিসাবে এবং পার্থ সারথি দে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন। দল টিকিট না দেওয়ায় তারা একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেই দলীয় প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন। দিলীপ বাবু সাত নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী প্রাক্তন পুরপ্রধান শান্তি সিংহের পুত্র বিশ্বনাথ সিংহের বিরুদ্ধে লড়ছেন। বিগত নির্বাচনে এই ওয়ার্ডে সিপিএম প্রার্থী রাজু দাস জয়ী হন। দল এবার তাকেই প্রার্থী করেছে।

উল্লেখ্য, এই ওয়ার্ডে গত বিধানসভা ভোটে বিজেপি তৃণমূলের চেয়ে এগিয়ে ছিল। সেকারণেই এই ওয়ার্ডে বিজেপির একাধিক কর্মী দাবিদার থাকলেও বিজেপি দুর্গাদাস চ্যটার্জিকে মনোনয়ন দিয়েছে যার ফলে এখানে বিজেপির কিছু কর্মী বিক্ষুব্ধ, অপরদিকে তৃণমূলেরও একাধিক দাবিদার থাকলেও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যনার্জি বাকুঁড়ার দুই প্রয়াত বর্ষীয়ান এবং প্রাক্তন পুরপ্রধান শান্তি সিংহ ও দেবপ্রসাদ কুন্ডুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শান্তি বাবুর পুত্র বিশ্বনাথ এবং দেবপ্রসাদ কুন্ডর বিধবা পুত্রবধূকে প্রার্থী মনোনীত করেছেন।তা সত্বেও তৃণমূলের একাংশ বিশ্বনাথকে মেনে নিতে রাজি নন।বএই পরিস্থিতিতে দিলীপবাবু সাত নং ওয়ার্ডকে বেছে নিয়েছেন।

গত পুরবোর্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা চক্রবর্তী এবার দলীয় টিকিট না পেয়ে শেষ মুহূর্তে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন তার জেতা ১৮ নং ওয়ার্ডে।
২৩ নং ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লতিকা হালদার তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। অপরদিকে বাকুঁড়া পুরসভার ৯নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কংগ্রেসের প্রতীকে মনোনয়ন পেশ করেছেন। বস্তুতপক্ষে দিলীপবাবু, অনন্যাদেবী ও পার্থবাবু জনপ্রিয়তা ও জনসংযোগের নিরিখে ভালো প্রভাব ফেলবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।এর ফলে তৃণমূল বেকায়দায় পড়বে বলেই অভিমত তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *