আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ নভেম্বর:
অস্ত্র পাচার করতে এসে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত জীবনমণ্ডলের হাট এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত দু’জনকে। ধৃতদের নাম অজয় কয়াল ও রাজা গায়েন। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও দুটি স্মার্ট ফোন ও একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শনিবার বারুইপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পায় বকুলতলা থানার অন্তর্গত জীবন মন্ডলের হাটে একটি মোটর সাইকেলে চেপে দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বকুলতলা থানার পুলিশ যৌথ অভিযান চালায় জীবন মন্ডলের হাট এলাকায়। মুহূর্তের মধ্যে ওই মোটর বাইকটিকে শনাক্ত করে দুই যুবককে ধরে ফেলে তাঁরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার বন্দুক এবং একটি ছয় চেম্বার যুক্ত আগ্নেয়াস্ত্র ও ৫ টি তাজা কার্তুজ। উদ্ধার হয় দুটি স্মার্টফোন ও একটি ইয়াহামা মোটর সাইকেলও।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে একুশ বছর বয়সী অজয় কয়ালের বাড়ি বকুলতলা থানার মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে এবং ২২ বছর বয়সী রাজা গায়েনের বাড়ি বকুলতলা থানার মায়াহাউড়ি অঞ্চলের গায়েন পাড়ায়। ধৃতরা এই আগ্নেয়াস্ত্র গুলি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় সরবরাহ করতে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি তাদের সাথে কোনো অবৈধ অস্ত্র কারবারীর যোগাযোগ আছে কিনা, তাদের কাছে আরও অস্ত্র মজুত আছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অস্ত্রের লেনদেন বেড়েছে। সেই মোতাবেক তদন্ত শুরু করেছে পুলিশ।

