অবাক কাণ্ড! দীঘা মোহনায় একটি ভোলা মাছ বিক্রি হল ২ লক্ষ ৭৩ হাজার টাকায়

আমাদের ভারত, দিঘা, ৫ নভেম্বর: দীঘা মোহনায় একটি তেলিয়া ভোলা মাছ বিক্রি হল ২ লক্ষ ৭৩ হাজার টাকায়। মাছটির ওজন ৩৬ কিলো ৫০০ গ্রাম। কিছুটা গভীর সমূদ্রে এটি জালে উঠেছিল।

জানাগেছে, দীঘা মোহনার মৎস্য ব্যবসায়ী তথা কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ধরনী নামক একটি ট্রলারে বৃহদাকৃতির এই মহামূল্যবান মাছটি উঠেছিল। ভোলামাছের মত দেখতে হলেও তেলাপিয়া মাছের সঙ্গে কিছুটা মিল আছে। জেলেরা এই বৃহদাকৃতির মাছকে তেলিয়া ভোলা বলেন। ওজন ৩৬ কিলো ৫০০ গ্রাম ওজনের মাছটি দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের কেপিএস আড়তে নিয়ে আসে বিক্রি করার জন্য।

বিশালাকৃতি মাছ দেখতে ভিড় জমে যায়। দীর্ঘক্ষণ নিলাম চলে। শেষমেষ কলকাতার সান এন্ড কোম্পানি ৩৬ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি ৭৫০০ টাকা প্রতি কিলো দরে ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেয়। জানাগেছে, এই মাছ লিভারের ওষুধ তৈরির কাজে লাগে, এই মাছের দাম অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *