গোষ্ঠী দ্বন্দ্বের জের, শান্তিপুরে তৃণমূলের বিজয় মিছিল ঘিরে চলল ব্যাপক বোমাবাজি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ নভেম্বর: তৃণমূলের বিজয় মিছিল ঘিরে চলল রাতভর ব্যাপক বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা এলাকার ঘটনা।

জানা গেছে, শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় উপলক্ষ্যে সাহেব ডাঙ্গা এলাকায় গতকাল রাতে একটি বিজয় মিছিল বের করা হয়। সেখানে তৃণমূলের অপর এক গোষ্ঠীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর পরেই হঠাৎ বোমাবাজি চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। আজ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ রানাঘাট মহকুমা আদালতে তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে আর কোনও উত্তেজনা না ছড়ায় তার জন্য শান্তিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় টহল দেয় পুলিশ বাহিনী। যদিও বর্তমানে এলাকা থমথমে রয়েছে।

যদিও তৃণমূলের দাবি, এটা বিরোধীদের চক্রান্ত। ওই বিজয় মিছিলে গোষ্ঠী কোন্দলের কোনও রকম ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *