স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৪ জুলাই:
পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এবার ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভে নামল কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ।
কৃষ্ণনগর সদরের মোড়ে একটি বেসরকারি পেট্রল পাম্পের সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা।
এই প্রথম বাংলায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও আকাশছোঁয়া। এর আগেও পেট্রোল এবং ডিজেলের অগ্নিমূল্য দাম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ করেছে দেশের কেন্দ্র সরকারকে। এদিন নতুন করে আবারও দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেবে একরাশ ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
তাদের দাবি, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে লকডাউনের মধ্যে প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। একেই লকডাউনের কারণে মানুষ কাজ হারিয়ে আর্থিক সঙ্কটে ভুগছে। এই অবস্থায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। সেই কারণেই তাদের দাবি, বিজেপি সরকারের প্রধানমন্ত্রীকে দ্রব্যমূল্য বৃদ্ধির দায় বহন করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

