আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ জুলাই: দল বিরোধী কাজের জন্য তৃণমূল কংগ্রেসের এক উপপ্রধানকে দল থেকে বহিস্কার করল ব্লক নেতৃত্ব। বহিষ্কৃত উপপ্রধানের নাম রাহান হালদার। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাহানকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে লিফলেট ছাপিয়ে তা এলাকায় বিলি করা হয়েছে ব্লক তৃণমূল নেতৃত্বের নির্দেশে।
কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি বিগত বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করেছেন রাহান। বিরোধীদের সাথে মিশে তৃণমূলের বিধায়ক পদপ্রার্থী যোগরঞ্জন হালদারকে হারানোর পরিকল্পনা করেছিলেন রাহান। পাশাপাশি দলের বিরুদ্ধে প্রচার ও গাজিপুর পঞ্চায়েতের দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন বিরোধীদের সাথে নিয়ে। দিনের পর দিন এরকম দলবিরোধী কাজ করার অপরাধেই রাহানকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্লক তৃণমূলের নেতারা জানিয়েছেন।
কুলপি ব্লক তৃণমূলের সভাপতি সুপ্রিয় হালদার বলেন,
“একের পর এক দল বিরোধী কাজের অভিযোগ প্রমানিত হয়েছে রাহানের বিরুদ্ধে। সেই কারণে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বহিস্কার করা হল।” যদিও এ বিষয়ে রাহানের কোন প্রতিক্রিয়া মেলেনি।
এ বিষয়ে মুখ খুলতে চাননি দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী।

