সায়নীর গ্রেফতারের জেরে কলকাতায় বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ২২ নভেম্বর: খুনের চেষ্টার অভিযোগে রবিবার ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। দিল্লিতে তৃণমূল সাংসদদের প্রতিবাদ, জেলায় জেলায় প্রতিবাদের পাশাপাশি মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল। বিজেপি পার্টি অফিসের সামনের রাস্তায় বসে ত্রিপুরা পুলিশকে ধিক্কার জানিয়ে দফায় দফায় স্লোগান তুলে প্রতিবাদ জানান তাঁরা। যদিও পরে পুলিশ তাঁদের সরিয়ে দিয়ে রাস্তায় গার্ডরেল বসিয়ে দেয়।

অন্যদিকে দিল্লিতে তৃণমূল সাংসদেরা ধর্না দিয়েছেন। জেলায় জেলায় চলছে প্রতিবাদ কর্মসূচি। আগরতলায় আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচি থাকলেও উত্তপ্ত পরিস্থিতির কারণে তা বাতিল করেছে ত্রিপুরা পুলিশ। স্বাভাবিকভাবেই, সায়নীর গ্রেফতার এবং হামলার ঘটনায় ফুঁসছে ঘাসফুল শিবির। যতক্ষণ পর্যন্ত সায়নীকে না ছাড়া হবে ততক্ষণ আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *