অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২১ নভেম্বর: এলাকার মানুষের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা এবং প্রসূতি মা এবং শিশুদের জন্মকালীন সময়ে অসময়ে চিকিৎসার প্রয়োজন মেটাতে প্রতিটি অঞ্চলে একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যে কেন্দ্রগুলো পরিচালনা করেন প্রশিক্ষিত নার্স এবং আশা কর্মীরা। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী সুস্বাস্থ্য কেন্দ্র সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করে অনিয়মিতভাবে সুস্বাস্থ্য কেন্দ্র খোলার অভিযোগ উঠল গোপীবল্লভপুরে। ঘটনা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের নয়াবসান সুস্বাস্থ্য কেন্দ্রের।
স্থানীয়দের অভিযোগ, সাব সেন্টারটি কোনও নিয়ম মেনে খোলা হয় না। কোনও দিন ১০টা তো কোনও দিন ১১ টার সময় খোলা হয়। খোলা হলেও কর্মীরা অল্প সময় পরে বন্ধ করে বাড়ি চলে যান। প্রয়োজনে অপ্রয়োজনে স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে ওষুধপত্র ঠিকঠাক মেলে না বলেও অভিযোগ স্থানীয়দের। ফলস্বরূপ এলাকার মানুষকে ছুটতে হয় তিন কিলোমিটার দূরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

তবে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নয়াবসান সুস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত নার্স পুরো বিষয়টি অস্বীকার করেন। সঙ্গে তিনি উল্টে সংবাদমাধ্যমের কর্মীদের কাছে জানতে চান কে বা কারা অভিযোগ করছে। তিনি বলেন, আমরা অনেক দিন নির্দিষ্ট সময়ের পরেও বেশ কিছুক্ষণ চিকিৎসা পরিষেবা দিই।
তবে এ বিষয়ে গোপীবল্লভপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ গৌতম সিং বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। আমার কাছে এরকম কোনও অভিযোগ আসেনি।

