রাজেন রায়, কলকাতা, ১৯ মে: ১৭ মে তৃণমূল সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেফতারি অবৈধ, দাবি করে মামলা দায়ের করা হয়েছে। ১৭ তারিখেই এই অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অভিযোগটিকেই এফআইআরে পরিণত করল কলকাতা পুলিশ। আর এভাবেই সিবিআইয়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের তৃণমূলের। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় ৫১ (বি) ও ভারতীয় দন্ডবিধির ১৬৬, ১৬৬ এ, ১৮৮, ৩৪ ধারায় দায়ের হল মামলা।
অভিযোগে জানানো হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে অবৈধভাবে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তৃণমূলের মন্ত্রীদের। অভিযোগে আরও বলা হয়েছে কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট নিতে এঁদের গ্রেফতার করা হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি, চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি বিধায়ক মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, কারণ নারদা মামলায় তাঁরাও সমানভাবে জড়িত।
সোমবার ১৭ মে নারদকাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। একই সঙ্গে গ্রেফতার করা হয় বিধায়ক মদন মিত্র, সদ্য বিজেপি ছেড়ে আসা শোভন চট্টোপাধ্যায়কেও।

